হোম > সারা দেশ > ঢাকা

ক্যাম্পাস গেটে ককটেল বিস্ফোরণ: জবিছাত্র রেজওয়ান ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গেটে ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার মো. রেজওয়ান আহম্মেদকে (২৪) ৩ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন।

রেজওয়ান নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জবি শাখার অর্থ সম্পাদক।

আজ বুধবার রেজওয়ানকে আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা সেখানে আসামি রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে। পরে জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করেন, তিনিসহ কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। একটি ককটেল তাঁর কাছে ছিল।

উপস্থিত ছাত্ররা তাঁকে মারধর করায় আটক অবস্থায় তাঁকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সুস্থ হওয়ার পর তাঁকে আদালতে হাজির করা হয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, এই আসামিসহ ২৫-৩০ জন অজ্ঞাত আসামিরা ব্যক্তি, সম্পত্তি, দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটায়।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলাটি বর্তমানে তদন্তাধীন। ককটেল বিস্ফোরণের ঘটনার অন্য আসামিদের শনাক্ত করাসহ তাঁদের উদ্দেশ্য সম্পর্কে জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।