হোম > সারা দেশ > ঢাকা

জবিতে আওয়ামী লীগ-ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে ৫ কর্মকর্তা আটক

জবি প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েকজনকে আটক করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে হস্তান্তর করেছেন শাখা ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা। আজ সোমবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে তাঁদের আটক করা হয়।

এ সময় বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে শেখ মুজিবুর রহমানের একটি প্রতিকৃতিও জব্দ করেন আন্দোলনকারী সংগঠনের নেতা-কর্মীরা।

আটক পাঁচ কর্মকর্তা হলেন পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক সঞ্জয় কুমার পাল, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী রেজিস্ট্রার জুনায়েদ হোসেন, রেজিস্ট্রার দপ্তরের সেকশন অফিসার (গ্রেড-২) নুরুল হুদা এবং ডেপুটি রেজিস্ট্রার সাইদুর রহমান রনি।

আজ সকাল থেকে বিভিন্ন দপ্তরে গিয়ে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীরা ‘মুজিববাদের আস্তানা, এই ক্যাম্পাসে হবে না’, ‘লীগ ধর, জেলে ভর’ এবং আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

ছাত্রদল ও ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়, দেশব্যাপী নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দপ্তরগুলোতে সংশ্লিষ্টদের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানান তাঁরা।

এ বিষয়ে ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘এখানে আওয়ামী লীগের যে কর্মকর্তা—যারা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং এখনো একটিভিজম চালায় যাইতেছে, তাদের সঙ্গে আসলে কোনো ধরনের কোনো আপস নাই। যেই হোক, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে থাকবে, আমরা তাদের পক্ষে থাকব। তো সেই জায়গা থেকে আজকে যে অভিযানটা করা হয়েছে, বিভিন্ন লিডার যারা ছিল, তাদেরকে আমরা প্রশাসনের হাতে তুলে দিয়েছি।’

অভিযান ও কর্মকর্তা আটকের বিষয়ে জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘১ হাজার ৪০০ শিক্ষার্থীর লাশের ওপর দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। সাংবিধানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি ও সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ক্রিয়াশীল সব সংগঠনকে সঙ্গে নিয়ে আমরা কাজ করেছি। যেকোনো ধরনের মববাজির বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সব সময় ধৈর্য ধারণ করেছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভেবে গত কয়েক দিন ধরে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ অস্থিতিশীল করার অপতৎপরতায় লিপ্ত হয়েছে।’

মেহেদী হাসান আরও বলেন, ‘ক্যাম্পাসে আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদধারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এসব কর্মকর্তার অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালানো হয়েছে। ক্যাম্পাসে বসে শিক্ষার্থীদের টাকা দিয়ে ফ্যাসিবাদের জোগানদাতা এসব কর্মকর্তা এবং সাবেক ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। আটক ব্যক্তিদের প্রশাসনের হাতে তুলে দিয়ে তাঁদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামগ্রিক এ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টর অধ্যাপক ড. নাসির আহমাদ জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে পুরো বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।