বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির হয়ে আইনজীবীদের সঙ্গে বিশেষ কথা বলার অনুমতি চেয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ৯৮টি মামলায় মোট ৯৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে এবং প্রতিটি মামলার বিচার চলছে।
আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে এ মামলার শুনানির সময় পলক এসব কথা বলেন।
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক আদালতে বলেন, ‘ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক আমাকে হেলমেট না পরার নির্দেশ দিয়েছেন। আমার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে। ৯৯ দিন রিমান্ডে ছিলাম। বর্তমানে তিনটি মামলার বিচার চলছে। আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।’
জুনাইদ আহমেদ পলক আরও বলেন, ‘১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাই। আইনজীবীদের সঙ্গে প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে বিশেষভাবে কথা বলার অনুমতি চাই।’
পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। ওই আবেদনের ওপর শুনানির একপর্যায়ে পলক এসব কথা বলেন।
এদিন পলক, সাদেক খান ও শাজাহান খানকে আদালতে হাজির করা হয়।
একই দিন এ আদালতে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মামলার আসামি সাবেক কাউন্সিলর ফোরকান হোসেনকে আদালতে হাজির না করায় রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করে। আসামিপক্ষও শুনানি পেছানোর আবেদন জানায়।
উভয়পক্ষের আবেদন মঞ্জুর করে বিচারক আগামী ১৩ আগস্ট অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন।