হোম > সারা দেশ > ঢাকা

কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান। ছবি: আজকের পত্রিকা

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরির দায়ে কাদের অ্যাগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার বিকেলে রোহিতপুর বিসিক শিল্প এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানে দেখা গেছে, শিশুখাদ্যে চিনির পরিবর্তে অ্যাসপারটেম এবং বিটা-ক্যারোটিনের পরিবর্তে টেক্সটাইল ডাই বা বস্ত্রের রং ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে জেলি, কৃত্রিম ফ্লেভারযুক্ত পানীয়, লিচু ও চাটনিসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল।

পণ্যের লেবেলে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ ছিল না। পাশাপাশি উৎপাদনের ব্যাচ রেকর্ড, উপকরণের উৎস শনাক্তের নথি এবং রাসায়নিকের নিরাপদতা ও বিশ্লেষণ সনদ দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় অননুমোদিত রং, ফ্লেভার ও অন্যান্য রাসায়নিক জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

অভিযানে সার্বিক সমন্বয় করেন ঢাকার জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম। এ সময় নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া ও ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম।