হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর মহাখালী আমতলীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় প্রথমে বাসের হেলপার রফিকসহ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এঁদের মধ্যে সকাল ৮টার দিকে রফিক (৩৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য দুজন হলেন বাসযাত্রী রনি (২৫) ও ফিরোজ (৪০)।

ফায়ার সার্ভিস সদস্যরা ও নিহত রফিকের ভগ্নিপতি মো. রনি জানান, ভাটি বাংলা এক্সপ্রেস নামে যাত্রী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে বাসের দুই যাত্রী ও হেলপার আহত হন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রনি আরও জানান, নিহত রফিক ভাটি বাংলা বাসের হেলপার ছিলেন। ময়মনসিংহ সদর উপজেলায় তাঁর বাড়ি। তিন দিন আগে কাজে এসেছিলেন রফিক। আজ সকালেই বাড়ি ফেরার কথা ছিল তাঁর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।