হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বিটিসিএল অফিসে চোর সন্দেহে যুবককে বেঁধে পিটিয়ে হত্যা

ঢামেক প্রতিবেদক

প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে অজ্ঞাতনামা (২০) এক যুবককে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দায়িত্বরত আনসার সদস্যদের বিরুদ্ধে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অফিস সহকারী মো. সাইফুল ইসলাম জানান, ওই যুবক সকালে দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকেছিলেন। তখন আনসার সদস্যরা তাঁকে আটক করে বেঁধে মারধর করেন। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে তাঁকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সঙ্গে কোনো আনসার সদস্য যাননি।

যুবকের সঙ্গে হাসপাতালে আসা সৈকত আলী নামের এক ব্যক্তি নিজেকে আনসারের সাবেক প্লাটুন কমান্ডার (পিসি) পরিচয় দিয়ে বলেন, ‘আমি বিটিসিএল অফিসে গত এক মাস আগে অন্য একটি কাজে এসেছি। আজ সকালে চুরির উদ্দেশ্যে ওই যুবক ও তাঁর সঙ্গে আরও দু-তিনজন দেয়াল টপকে কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। বিষয়টি টের পেয়ে তখন দায়িত্বরত আনসার সদস্যরা তাঁদের ধাওয়া দেন। এ সময় ওই যুবক লাঠি দিয়ে এক আনসার সদস্যকে আঘাত করেন। পরে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাঁকে আটক করা হয়।’

সৈকত আলী আরও বলেন, ‘আটকের পর ওই যুবককে ক্যাম্পে নিয়ে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে আমাকে দিয়ে তাঁকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। মারধরে আমি জড়িত নই। তবে ওই অফিসে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। যুবকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অবগত করা হয়েছে।