২০৩৩ সালের মধ্যে দেশের নাগরিক সেবা ও সরকারি দপ্তরের শতভাগ ডিজিটাল ট্রান্সফরমেশন এবং আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সংস্কার পরিষদ। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার, জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা এবং আইসিটি খাতে অনিয়মে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর কাছে ১০ দফা সুপারিশ তুলে ধরে পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের উপদেষ্টা ও বেসিস সহায়ক কমিটির সাবেক কো-চেয়ারম্যান প্রকৌশলী মো. মিজানুর রহমান।
বক্তব্যে অভিযোগ করা হয়, গত এক মাসে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নষ্ট করা হচ্ছে। পরিষদ এসব ঘটনাকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে প্রতিবেশী একটি রাষ্ট্রের দীর্ঘমেয়াদি ষড়যন্ত্রের অংশ বলে মনে করে। এ পরিস্থিতিতে দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া শুরু ও নেতাদের বিচার ত্বরান্বিত করার দাবি জানানো হয়।
আইসিটি খাতের অতীত অনিয়মের প্রসঙ্গে বক্তারা বলেন, ’ ডিজিটাল বাংলাদেশ’ ও’ স্মার্ট বাংলাদেশ’-এর নামে লাইসেন্স, প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ ও ব্যান্ডউইথ ক্রয়সহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও অর্থ পাচার হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পরও আগের সরকারের আমলে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোই বিভিন্ন প্রকল্পের কাজ পাচ্ছে বলে অভিযোগ করেন তারা। এতে জাতীয় আইসিটি অবকাঠামো, ডেটাবেজ ও গুরুত্বপূর্ণ তথ্য ঝুঁকিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে তিনটি মূল দাবি তুলে ধরা হয়। এগুলো হলো—সাম্প্রতিক সহিংসতা, সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ এবং আওয়ামী লীগের বিচার; জাতীয় আইসিটি অবকাঠামো ও ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ, ১৪ দল এবং প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কালোতালিকাভুক্ত করা; ২০২৭ থেকে ২০৩৩ সাল মেয়াদে জাতীয় ডিজিটাল ট্রান্সফরমেশন রোডম্যাপ প্রণয়ন।
পরিষদের দাবি, এ রোডম্যাপ বাস্তবায়িত হলে কমপক্ষে ১০ লাখ মানসম্মত কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরি হবে। দেশে প্রায় চার কোটি তরুণের মধ্যে সরকারি হিসাবে ২১ লাখ বেকার এবং প্রতিবছর বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সাড়ে সাত লাখ গ্র্যাজুয়েট বের হন উল্লেখ করে তারা বলেন, ডিজিটাল রূপান্তর কর্মসংস্থান ও সরকারি সেবার দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে।
১০ দফা সুপারিশের মধ্যে আরও রয়েছে—সাম্প্রতিক হত্যাকাণ্ড, বোমা হামলা ও নাশকতার নিরপেক্ষ তদন্ত ও বিচার; শিল্পাঞ্চল ও শ্রমিকদের নিরাপত্তা; প্রশাসনে জবাবদিহি; জাতীয় আইসিটি অবকাঠামোর সংবেদনশীল কাজে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কালোতালিকাভুক্ত করা; সরকারি প্রকল্পে স্বচ্ছতা, উন্মুক্ত প্রতিযোগিতা ও সাইবার নিরাপত্তা নিরীক্ষা নিশ্চিত করা।
এ ছাড়া বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের বাধ্যতামূলক অংশগ্রহণ ও প্রযুক্তি হস্তান্তর, আইসিটি খাতে দক্ষ জনবল নিয়োগ এবং বেসিসের গঠনতন্ত্র সংস্কারের সুপারিশ করা হয়। সদস্য ও ভোটার তালিকা পরিশুদ্ধ করে দ্রুত অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবিও জানায় পরিষদ।
এ সময় উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা রওশান কামাল জেমস, সংস্কার পরিষদের আহ্বায়ক রোকমুনুর জামান রনি, যুগ্ম আহ্বায়ক আবু তাহের ও সদস্যসচিব নাদিম হৃদয়।