ডিএনসিসির কর্মসূচি
রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার কর্মসূচি শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক এ কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের ছবি ও গ্রাফিতি আঁকার পরিকল্পনা রয়েছে।
আজ শুক্রবার মিরপুর-১০ গোলচত্বরে মেট্রোরেলের ২৪৮ নম্বর পিলারে রং করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক বলেন, মেট্রোরেলের পিলার থেকে পোস্টার অপসারণের জন্য তিনি ৭২ ঘণ্টার সময়সীমা ঘোষণা করেছিলেন। স্থানীয় নেতাদের, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের সহযোগিতায় নির্ধারিত সময়ের আগেই পোস্টার অপসারণ করা সম্ভব হয়েছে।
ডিএনসিসি প্রশাসক বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় যাঁরা আত্মত্যাগ করেছেন ও সহযোগিতা করেছেন, তাঁদের অবদান স্মরণীয় করে রাখতে মেট্রোরেলের পিলারে জুলাই আন্দোলনের গ্রাফিতি আঁকার উদ্যোগ নেওয়া হয়েছে।
মেট্রোরেলের পিলারে খালেদা জিয়ার গ্রাফিতি আঁকার পরিকল্পনার কথা জানিয়ে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, জুলাই অভ্যুত্থানের পেছনে খালেদা জিয়ার অবদান রয়েছে বলে তাঁরা মনে করেন। এ কারণে তাঁর ছবিও গ্রাফিতিতে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের এবং ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ছবিও আঁকা হবে।
প্রশাসক বলেন, ‘আমরা এটা নিয়ে রাজনীতি করব না। যাঁর যতটুকু অবদান, ইতিহাসের পাতায় তা লিখে রাখার জন্য গ্রাফিতি আঁকব।’
ডিএনসিসি জানিয়েছে, নগরবাসীর অংশগ্রহণে মেট্রোরেলের পিলারগুলোতে গ্রাফিতি আঁকা হবে। এ জন্য অংশগ্রহণকারীদের রং, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সিটি করপোরেশন সরবরাহ করবে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিনসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।