অস্তিত্বহীন ও নামসর্বস্ব প্রতিষ্ঠান দেখিয়ে ৬০৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের সাবেক চেয়ারম্যান সালমান ফজলুর রহমানসহ (সালমান এফ রহমান) ২৫ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৬ সেপ্টেম্বর) দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠান তৈরি করে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ অনুমোদন ও ঋণের পরিমাণ বৃদ্ধি করা হয়। যাচাই-বাছাই ছাড়াই ওই প্রতিষ্ঠানের নামে ৫৩৮ কোটি ১৬ লাখ ২৪ হাজার ৪৮২ টাকা ঋণ বিতরণ ও নগদে উত্তোলন করা হয়। সুদ ও অন্যান্য চার্জসহ এতে আইএফআইসি ব্যাংকের আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০৪ কোটি ৬৯ লাখ ৬৫ হাজার ৪৭৬ টাকা।
দুদকের অভিযোগ, ব্যাংকের সংশ্লিষ্ট নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে এসব ঋণ দেওয়া হয়। আত্মসাৎ করা অর্থের উৎস ও গন্তব্য আড়াল করতে নগদে উত্তোলন, স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয়েছে।
এ ঘটনায় সালমান ফজলুর রহমান ওরফে সালমান এফ রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানসহ মোট ২৫ জনের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।