হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর আড়াই শ চেকপোস্টে নিরাপত্তা জোরদার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

রাজধানীতে গত শুক্রবার দুপুর থেকে মধ্যরাত থেকে ৮টি এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে। এসব চেকপোস্টে সন্দেহভাজন ব্যক্তি ও গাড়ি তল্লাশি করা হচ্ছে। প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ডিএমপি জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে ঢাকায় তাদের দুই শতাধিক চেকপোস্ট রয়েছে। ঢাকার প্রবেশের চারটি মুখেও কাজ করছে পুলিশ। পাশাপাশি গতকাল যেসব ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বাসের আগুনের ঘটনায় জিডিও মামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে, জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

পুলিশের পাশাপাশি এসআরবিও রাজধানীতে রাত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে। টহল গাড়িও বাড়িয়েছে।

এদিকে আজ শনিবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জন গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে ৪৭ টি মামলা করা হয়েছে। ডিএমপির রমনা বিভাগ ৩০ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, ওয়ারী বিভাগ ৬৪ জন, মতিঝিল বিভাগ ৭৬ জন, তেজগাঁও বিভাগ ৯২ জন, মিরপুর বিভাগ ১২০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪৬ জন ও গোয়েন্দা বিভাগ ১৬ জনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে বিদেশি দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ টি গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৫৩টি লোহার পেরেক, ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, বিদেশি তিন বোতল মদ, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।