রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় মাইক্রোবাসটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে পোস্তগোলা যাত্রীছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক কুমার পাল বলেন, সকালে পোস্তগোলা যাত্রীছাউনির সামনে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস অজিত বাবুকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহত অজিত বাবু পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় বসবাস করতেন। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এসআই দীপক কুমার পাল আরও জানান, দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।