রাজধানীর গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের (আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ) ১০৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রয়েছেন। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেখানে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছিলেন।
নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের পর থানায় নেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত বিষয়গুলো যাচাই-বাছাই করা হচ্ছে।