হোম > সারা দেশ > ঢাকা

ভাড়া নিয়ে হেনস্তা, নীলাচল পরিবহনের ৭টি বাস আটকালেন ইডেনের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে নীলাচল পরিবহনের একটি বাসের হেলপারের বিরুদ্ধে। এর প্রতিবাদে নীলাচল পরিবহনের সাতটি বাস আটক করে কলেজ ক্যাম্পাসে নিয়ে গেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবারের ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা বাস আটকে ক্যাম্পাসে নিয়ে যান।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী আক্তার বৃষ্টি। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে কলেজ থেকে নীলাচল পরিবহনের একটি বাসে করে সাভারে যাচ্ছিলেন ফাল্গুনী আক্তার বৃষ্টি। পথে হাফ ভাড়া দেওয়া নিয়ে বাসটির হেলপার মাহাবুবের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের হেলপার তাঁকে গাবতলী এলাকায় বাস থেকে নেমে যেতে বলেন। এ সময় তাঁকে অপমান ও কটূক্তি করা হয় বলেও অভিযোগ করেন ওই শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, বাসের স্টাফের অসৌজন্যমূলক আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

ঘটনার পর বিষয়টি কলেজের শিক্ষক ও হলের প্রভোস্টকে জানালেও তাঁদের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনার প্রতিবাদে আজ শনিবার সকালে নীলাচল পরিবহনের বাস আটকাতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে সাতটি বাস কলেজ ক্যাম্পাসের ভেতরে নিয়ে যাওয়া হয়। আটক বাসগুলোর মধ্যে রয়েছে ঢাকা মেট্রো-ব ১২-৩৭৪৮, ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪৯, ঢাকা মেট্রো-ব ১২-৬০২৯, ঢাকা মেট্রো-ব ১২-৪১৯১, ঢাকা মেট্রো-ব ১৫-৫৭৭৮, ঢাকা মেট্রো-ব ১২-২৫৮০ ও ঢাকা মেট্রো-ব ১৫-৮৬৪১।

রিমু নামে এক শিক্ষার্থী বলেন, শুধু নীলাচল পরিবহন নয়, মৌমিতা ও ভিআইপি-২৭ পরিবহনসহ বিভিন্ন বাসের স্টাফদের বিরুদ্ধেও ছাত্রীদের সঙ্গে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার অভিযোগ রয়েছে। বাসে ওঠানামা এবং যাতায়াতের সময় প্রায়ই তাঁদের এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও ভাড়া নিয়ে আপত্তি এবং অসৌজন্যমূলক আচরণ করা হয়।

শিক্ষার্থীদের দাবি, গণপরিবহনে ছাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অভিযুক্ত হেলপারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিক্ষার্থীকে এ ধরনের পরিস্থিতির মুখে পড়তে না হয়।

এ দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইডেন মহিলা কলেজের সামনে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। কলেজ কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও বাসমালিকদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

ঢাকা মহানগর পুলিশের নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, শিক্ষার্থী ও বাসমালিকদের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।