ঢাকার সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা এক মামলায় চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তরের কার্যকরী সদস্য মাহফুজুর রহমান মিতাকে ৬ দিন ও তাঁর গাড়িচালক গোলাম মাওলা সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাঁদের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
বিকেলে দুজনকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও বিভাগের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।
ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেন।
গত সোমবার দিবাগত রাতে গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে হাজির করা হয়।
মামলার বিবরণী অনুযায়ী, গত ১৮ জুন সকাল ৯টা ৫০ মিনিটে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অবৈধ মিছিল এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, আসামিরা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অবৈধ মিছিল, রাষ্ট্রবিরোধী স্লোগান ও ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল পরিকল্পনা উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও গ্রেপ্তার এবং তাদের হেফাজতে থাকা অবৈধ ককটেল-বোমার উৎস জানার জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।