নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইন প্রণয়ন ও সচেতনতা যথেষ্ট নয়। কার্যকর আইন প্রয়োগ, সহিংসতার শিকার ব্যক্তিদের সহজলভ্য সহায়তা, প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।
আজ মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) আয়োজিত জাতীয় সংলাপে এসব কথা বলা হয়।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযানের সূচনা উপলক্ষে ‘ন্যায়বিচার নিশ্চিত করুন, সহিংসতার শিকারদের সুরক্ষা দিন, দায়মুক্তির অবসান ঘটান’ প্রতিপাদ্যে সংলাপের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্যে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী অধিকার ও মানবাধিকার নিয়ে দীর্ঘদিন কাজ চললেও নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ হচ্ছে না। সমাজে সহিংসতাকে স্বাভাবিকভাবে দেখার প্রবণতা বদলাতে হবে। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতেও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন এমজেএফের অধিকার ও সুশাসন কর্মসূচির পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী। তিনি বলেন, দেশে আইন থাকলেও সহিংসতার শিকার ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই ন্যায়বিচার পাচ্ছেন না। বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, সামাজিক অপবাদ, ভয়ভীতি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাবদিহির অভাব এর বড় কারণ।
বনশ্রী মিত্র নিয়োগী অভিযোগ জানানোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা, দ্রুত তদন্ত এবং বিশেষ করে প্রান্তিক নারী ও কন্যাশিশুদের জন্য চিকিৎসা, আইনি ও মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করার আহ্বান জানান।
প্যানেল আলোচনায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয় ও দারিদ্র্য বিভাগের সাবেক পরিচালক ড. সেলিম জাহান বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া শুধু আইন ও নীতিমালা দিয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। ছোটবেলা থেকেই শিক্ষার মাধ্যমে নারী-পুরুষের সমতার ধারণা গড়ে তুলতে হবে।
ড. সেলিম জাহান বিভিন্ন শ্রেণি ও জনগোষ্ঠীর নারীদের অভিজ্ঞতা বুঝতে পৃথকভাবে তথ্য বিশ্লেষণের ওপরও গুরুত্ব দেন। নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
চিকিৎসক, গবেষক ও রাজনীতিবিদ তাসনিম জারা বলেন, অনেক নারী সাহস করে সহিংসতার অভিযোগ জানালেও সহায়তা নিতে গিয়ে আবারও হয়রানি ও ভোগান্তির শিকার হন। ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারসহ বিদ্যমান সেবাকেন্দ্রগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষিত কর্মী, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহায়তার ব্যবস্থা আছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
তাসনিম জারা বলেন, অভিযোগ জানানোর পর যথাযথ সেবা ও নিয়মিত খোঁজখবর নিশ্চিত করতে হবে, যাতে সহায়তা চাইতে গিয়ে কাউকে নতুন করে ক্ষতির মুখে পড়তে না হয়।
ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ গীতাঞ্জলি সিং বলেন, রাজনীতি ও জনপরিসরে অংশগ্রহণকারী নারীরা বিভিন্ন ধরনের ভয়ভীতি, হুমকি ও সহিংসতার মুখোমুখি হচ্ছেন। এসব ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি নারী অধিকার সংগঠনগুলোর জন্য ধারাবাহিক অর্থায়ন এবং সহিংসতার শিকার ব্যক্তিদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে হবে।
গীতাঞ্জলি সিং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধে পুরুষ ও কিশোরদের সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেন।
সংলাপে আরও অংশ নেন ঢাকায় সুইডেন দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন ফিলিক্স হেলগেসন, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন ডেলিগেশনের ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনা, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং এমজেএফের গভর্নিং বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ।
অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের প্রতি সহিংসতার চিত্র তুলে ধরে নাট্যদল বটতলা একটি পরিবেশনা উপস্থাপন করে। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা মতামত তুলে ধরেন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে একাত্মতা প্রকাশ করেন।