ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় মাদক ধ্বংসের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে এসআরবি-৩। তাঁকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) সিএমএম আদালতের আলামত নিষ্পত্তি শাখার কনস্টেবল।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আজ সোমবার এসআরবির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করেন। পরে গ্রেপ্তার রেজাউল করিমকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৭ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিআইডি ঢাকা মেট্রো-দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল সূত্রাপুর থানাধীন ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরিয়ানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায়। এ সময় কৌশলে পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের পকেট থেকে ১৭৯ গ্রাম ওজনের মোট ১ হাজার ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তাঁর কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা ও একটি ভিভো স্মার্টফোন জব্দ করা হয়।