ম্যারাথনের মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৫ বছর পূর্তি উদ্যাপন। আজ শুক্রবার ভোর ৫টায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় শুরু হওয়া তিন ধাপের এ ম্যারাথনে ভিন্ন বয়সের প্রায় পাঁচ হাজার দৌড়বিদ অংশ নেন।
ম্যারাথন উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধনী অনুষ্ঠানে তরুণদের খেলাধুলার জন্য মাঠ সংরক্ষণ, পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান জানাতে ‘সিটি হিরো অ্যাওয়ার্ড’ চালু ও নগরবাসীর নাগরিক সুবিধা বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন ডিএনসিসি প্রশাসক।
নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে ফুটপাত নিয়ন্ত্রণ, হকার পুনর্বাসন ও জোনভিত্তিক অটোরিকশা নিবন্ধন চালুর উদ্যোগের কথা জানিয়ে আধুনিক ও বাসযোগ্য ঢাকা গড়তে নগরবাসীর সহযোগিতা চান প্রশাসক। শফিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির চারটি জোনে অটোরিকশা চলাচলের জন্য নিবন্ধন চালু করা হবে। পাশাপাশি জন্মনিবন্ধন ও ট্রেড লাইসেন্স-সংক্রান্ত আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’
শফিকুল ইসলাম আরও বলেন, ডিএনসিসির ১৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ দিনে ১৫টি কর্মসূচি নেওয়া হয়েছে। আগামী ১৫ বছরে পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক ঢাকা গড়ে তোলাই লক্ষ্য। এ জন্য নগরবাসীকে উন্নত নাগরিক সুবিধা দেওয়ার পাশাপাশি তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি ও মাঠ সংরক্ষণে কাজ করা হবে।
উৎসবমুখর আয়োজন, দৌড়ের উচ্ছ্বাস আর সুস্থ নগর গড়ার প্রত্যয় নিয়ে পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদেরা। ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের দেওয়া হয় ফিনিশার মেডেল। আর বিজয়ীদের মধ্যে বিতরণ করা হয় ৯ লাখ ৩৫ হাজার টাকা প্রাইজমানি।
ডিএনসিসি থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) বেলা ২টা ৩০ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। সেখানেই হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। আগামী ১ ডিসেম্বর বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক অ্যাভিনিউ-সংলগ্ন মাঠে আয়োজন করা হবে ফ্লাওয়ার শো ও গালা নাইটের। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত হবে ফ্লাওয়ার শো, সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত বর্ণাঢ্য গালা নাইট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে।