হোম > সারা দেশ > ঢাকা

বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নানের ৩৪ শতাংশ জমি ক্রোকের আদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের ৩৪ শতাংশ জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহজাহান কবির এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

দুদকের আবেদনে বলা হয়, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধন, ঘুষ গ্রহণ, নিয়োগ বাণিজ্য, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

মামলাটি তদন্তকালে শেখ আব্দুল হান্নানের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করা হচ্ছে-এমন তথ্য পাওয়ায় সম্পদ ক্রোকের প্রয়োজন। বাগেরহাটের কচুয়ার গোপালপুর ইউনিয়নের কিসমত মালিপাটন মৌজায় অবস্থিত ৩৪ শতাংশ জমি ক্রোকের আবেদন করে দুদক। দলিলে জমিটির মূল্য দেখানো হয়েছে ১৭ লাখ ৬৪ হাজার টাকা।