হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেনি: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ধরনের ঘটনা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে জনসাধারণকে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আজ মঙ্গলবার ডিএমপির উপকমিশনার ( মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকা ট্রিবিউনের ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’— শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোনো বাস্তবতা নেই। ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির এমন কোনো ঘটনা ঘটেনি।

ডিএমপি জানায়, প্রকৃত ঘটনা যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে কোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে ডিএমপি।