হোম > সারা দেশ > ঢাকা

বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ারসহ ২ জন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক  ঢাকা

রাজধানীর হাতিরঝিল থানায় করা নাশকতার এক মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারের আট দিন এবং শেরেবাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহীনকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। 

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এই রিমান্ড মঞ্জুর করেন।

বিকেলে তাঁদের আদালতে হাজির করা হয়। তাঁদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ডিবির এসআই আবুল বাসার। অপর পক্ষে তাঁদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শুক্রবার বিএনপি নেতা আনোয়ারকে মিরপুর থানার মধ্য পীরেরবাগ এলাকা থেকে এবং মো. শাহীনকে কলাবাগান থানা এলাকা থেকে আটক করা হয়।

গত ২৯ অক্টোবর গোয়েন্দা বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোক্তারুজ্জামান হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহারে বলা হয়, ২৮ অক্টোবর বিএনপির ডাকা মহাসমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনকালে সংবাদ পান, হাতিরঝিল থানার মগবাজার রেলগেট এলাকায় বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করছেন। জনগণের মধ্যে ত্রাস সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছেন। সংবাদের সত্যতা যাচাই করার জন্য মগবাজার ওয়ারলেস রেলগেটসংলগ্ন ৫০৭ নাবিল ফুড দোকানের সামনে রাস্তার ওপর পুলিশ উপস্থিত হলে উত্তেজিত বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে লাঠি, ইটপাটকেল নিক্ষেপ করেন। আসামিদের নিক্ষিপ্ত লাঠি ও ইটের আঘাতে সঙ্গীয় তিন পুলিশ সদস্য আহত হন। 

তাৎক্ষণিকভাবে তাঁদের চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। পরে ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১৫টি বাঁশের লাঠি, ২০টি ছোট-বড় ইটের টুকরা, ১২টি ভাঙা কাচের টুকরা উদ্ধার করা হয়।

প্লাস্টিক দূষণে কমছে প্রজননক্ষমতা, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

গুলশানে আ.লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানার আগুন নিয়ন্ত্রণে

সাভারে ৫২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু ‎

শিশুকে যৌন হয়রানি: এক আসামির ১০ বছরের কারাদণ্ড

শিশু গৃহকর্মী নির্যাতনের তদন্ত প্রতিবেদন: খুন্তির ছ্যাঁকা দিতেন বিমানের সাবেক এমডির স্ত্রী

জবিতে এবার খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ‘গরুভোজ’, সন্ধ্যায় কাওয়ালি

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮১