রাজধানীর খিলক্ষেতে সিএনজির ধাক্কায় ইমন হোসেন (২৪) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা ১টার দিকে খিলক্ষেত নিকুঞ্জ-১ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিহত ইমনের বাবা টিপু সুলতান জানান, তাঁরা মোহাম্মদপুর বছিলা মেট্রো হাউজিং এলাকায় থাকেন। ইমন ফার্মগেট এলাকায় একটি চশমার দোকানে কাজ করতেন। দেড় মাস আগে ইমন বিয়ে করেন। তবে বউ এখনো উঠিয়ে আনা হয়নি। তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমুলকান্দি গ্রামে।
টিপু সুলতান বলেন, ‘ইমন প্রতিদিন সকালে বাসা থেকে বাইসাইকেল চালিয়ে ফার্মগেট দোকানে কাজে যান। হয়তো কোনো কাজে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় গিয়েছিলেন। সেখানে সিএনজির ধাক্কায় ইমন আহত হন। ঘটনাস্থলে থাকা ট্রাফিক পুলিশ সদস্যরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য খিলক্ষেত থানায় জানানো হয়েছে।