ঢাকার সাভারে চুরির অভিযোগে এক কিশোরকে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, কিশোরটি মাদকাসক্ত এবং নেশার টাকা জোগাড় করতে প্রায়ই বিভিন্ন বাড়ি থেকে ছোটখাটো জিনিসপত্র চুরি করে। আজ বুধবার সকালে সাভার পৌর এলাকার কাঞ্চনপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই কিশোরের নাম রোজারু (১৫)। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। দীর্ঘদিন ধরে তার মা নিখোঁজ এবং বাবারও কোনো খোঁজ নেই। বর্তমানে সে কাঞ্চনপুর এলাকায় নানি জাবিয়া খাতুনের বাড়িতে থাকে।
এলাকাবাসী জানান, পারিবারিক স্নেহ-ভালোবাসা ও অভিভাবকত্বের অভাবে রোজারু একসময় মাদকে আসক্ত হয়ে পড়ে। এরপর নেশার টাকা জোগাড় করতে এলাকায় বিভিন্ন বাড়িতে চুরি করতে শুরু করে। এতে অতিষ্ঠ হয়ে আজ সকালে তাকে আটক করে বিদ্যুতের খুঁটির সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।
কিশোরটিকে এভাবে বেঁধে রাখার বিষয়ে তার খালু মনির হোসেন বলেন, ‘আমাদের উদ্দেশ্য তাকে শাস্তি দেওয়া নয়। আমরা চাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাকে নিজেদের হেফাজতে নিক এবং তার প্রয়োজনীয় চিকিৎসা, পুনর্বাসন ও সংশোধনের ব্যবস্থা করুক। সেই প্রত্যাশা থেকেই তাকে আটকে রাখা হয়েছে।’
তবে এ বিষয়ে জানতে চাইলে রোজারু কোনো মন্তব্য করেনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজীব হোসেন বলেন, ‘থানা থেকে আমাকে বিষয়টি জানানো হয়েছে। আমি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। অভিযোগের বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেব।’