মাদক সংক্রান্ত অপরাধে জিরো টলারেন্স নীতি অনুসরণ, হোটেল ও স্পা সেন্টারে অবৈধ কর্মকাণ্ড বন্ধ এবং ছিনতাই প্রতিরোধে ২৪ ঘণ্টা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন তিনি।
সভায় ডিএমপি কমিশনার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। মাদক কারবারি ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করতে হবে।
থানা এলাকায় হোটেল ও স্পা সেন্টারে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড যাতে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিয়মিত নজরদারি অব্যাহত রাখারও নির্দেশ দেন কমিশনার।
ছিনতাই প্রতিরোধে ছিনতাইপ্রবণ এলাকা চিহ্নিত করে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সিটিটিসি ও ডিবিকে ২৪ ঘণ্টা মাঠে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। এসব এলাকায় গোয়েন্দা নজরদারি, টহল ও অভিযান জোরদার করে অপরাধীদের আইনের আওতায় আনতে সমন্বিতভাবে কাজ করার কথাও বলেন।
সেই সঙ্গে প্রতিটি মামলায় সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ক্রাইম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও তদন্ত কার্যক্রম গতিশীল করতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, প্রয়োজনীয় আলামত সংগ্রহ এবং ঘটনার পারিপার্শ্বিকতা যথাযথভাবে যাচাইয়ের ওপর গুরুত্ব দেন ডিএমপি কমিশনার।
অপরাধ নিয়ন্ত্রণ ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারি, দায়িত্বশীলতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশও দেন তিনি।