রাজধানীর খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পরে তন্ময় বর্মণ (৩১) নামে এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খিলগাঁও পুলিশ ফাঁড়ির সংলগ্ন রেললাইনে এই দুর্ঘটনা ঘটে। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে তন্ময় বর্মণকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে পথচারী মো. শাহিন জানান, সকালে খিলগাঁও পুলিশ ফাঁড়ি সংলগ্ন রেললাইনে চলন্ত ট্রেন থেকে নামার সময় অসাবধানতাবশত পা পিছলে পড়ে যান ওই যুবক। এ সময় ট্রেনের নিচে কাটা পরে গুরুতর আহত হন তিনি। এ ঘটনা দেখতে পেয়ে ওই যুবককে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত তন্ময় বর্মণের স্বজনেরা। তন্ময়ের ফুপাতো বোন স্বর্ণা বর্মণ জানান, তাদের বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোর্ড বাজার এলাকায়। তন্ময়ের বাবার নাম তাপস বর্মণ। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজির (আইএআরটি) অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্স করছিলেন। সকালে কোচিং করতে ঢাকায় আসছিলেন। পরে জানা যায় যে, খিলগাঁও এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আহত হয়েছে তন্ময়। এরপর ঢাকা মেডিকেলে গিয়ে তন্ময়ের মরদেহ পাওয়া যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, তন্ময়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা-পুলিশ তদন্ত করছে।