ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ওই ব্যক্তিকে সিএনজিচালিত অটোরিকশার চালক বলে ধারণা করছে পুলিশ। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আজ শুক্রবার সকালে বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এসআই নজরুল ইসলাম বলেন, ‘আমরা কাজ করছি। পরে বিস্তারিত জানানো হবে।’
পুলিশ জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। তাঁর পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশার চালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি। মুখে স্কচটেপ লাগানো ছিল।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশেই নিরাপত্তা ক্যামেরা রয়েছে। এরপরও কীভাবে ওই ব্যক্তির মরদেহ সেখানে এল সে প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। তদন্তকারীরা ধারণা করছেন, ভোররাতের কোনো একসময় ফেলে রাখা হয়েছে।