নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্ট।
আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্য।
লিখিত বক্তব্যে মিল্টন বৈদ্য বলেন, ইতিহাসে এবারই প্রথম কোনো সহিংসতামুক্ত, নিরাপদ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে বলে তারা মনে করেন।
তাঁর দাবি, এবার কোথাও হামলা, ভাঙচুর বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সনাতন ধর্মাবলম্বীরা নিরাপত্তাহীনতায় না ভুগে আনন্দের সঙ্গে পূজা উদ্যাপন করতে পেরেছেন।
মিল্টন বৈদ্য বলেন, এবারের দুর্গোৎসবে সরকার প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ আর্থিক সহযোগিতা দিয়েছে। পাশাপাশি ছুটি বাড়িয়ে পাঁচ দিন করায় সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীরা পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপনের বাড়তি সুযোগ পেয়েছেন।
মিল্টন বৈদ্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও খোঁজখবর নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত নিরাপত্তাব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা ও গোয়েন্দা নজরদারির কারণে পূজার পরিবেশ নিরাপদ ছিল।
লিখিত বক্তব্যে মিল্টন বৈদ্য আরও বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে এবারের দুর্গোৎসব একটি ইতিবাচক দৃষ্টান্ত। নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ও উৎসব উদ্যাপনে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পূজা উদ্যাপন ফ্রন্টের জ্যেষ্ঠ সহসভাপতি রমেশ দত্ত উপস্থিত ছিলেন।