হোম > সারা দেশ > ঢাকা

ব্যারিস্টার তুরিন আফেরোজের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগে ভাইয়ের সংবাদ সম্মেলন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে বুধবার সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার তুরিন আফরোজের প্রবাসী ভাই অধ্যাপক শাহনওয়াজ আহমেদ শিশির। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরার পারিবারিক সূত্রে পাওয়া একটি বাড়ি আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ দখলে করে রেখেছেন বলে অভিযোগ করেছেন তাঁর প্রবাসী ভাই অধ্যাপক শাহনেওয়াজ আহমেদ শিশির। উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৫ নম্বরের ওই বাড়িটি তাদের মা তাঁর নামে হেবা করে দিয়েছেন বলে দাবি করেছে শাহনেওয়াজ।

আজ বুধবার ঢাকার কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তুরিন আফরোজের প্রবাসী ভাই অধ্যাপক শাহনওয়াজ আহমেদ শিশির।

সংবাদ সম্মেলনে আফরোজের ভাই অভিযোগ করেন, উত্তরার বাড়িটি তুরিন আফরোজের মা সামসুন নাহার তসলিম তার ছেলে অধ্যাপক শাহনওয়াজকে ১৯৯৭ সালে হেবা করেন। হেবা মূলে শাহনওয়াজ ওই বাড়ির মালিক। তিনি মালিকানা অর্জন করার পর নিজ নামে নামজারি করেন। নিয়মিত খাজনা পরিশোধ করেন। কিন্তু আওয়ামী লীগ সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে মা ও ভাইকে ওই বাড়ি থেকে বের করে দেন। অন্যদিকে নিজে মালিক দাবি করে ঢাকার আদালতে মামলা দায়ের করেন। মা ও ভাই যাতে ওই বাড়িতে ঢুকতে না পারেন সে জন্য প্রভাব খাঁটিয়ে ওই মামলায় আদালত থেকে স্থিতি অবস্থা বজায় রাখার আদেশ নেন তুরিন আফরোজ।

সংবাদ সম্মেলনে অধ্যাপক শাহনওয়াজ জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৫ সালের ৫ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই স্থিতি অবস্থার আদেশ বাতিল করেন। কিন্তু শাহনেওয়াজ ও তার মা এখনো ওই বাড়ির দখল বুঝে পাননি।

শাহনওয়াজের অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের আদেশের পর তিনি এবং তার মা ওই বাড়িতে ঢুকতে পেরেছেন ঠিকই কিন্তু তাকে দেওয়া হয়েছে ৮ ফুট বাই ৮ ফুটের একটি কক্ষ। ওই কক্ষের বাইরে তাদের যেতে দেওয়া হয় না। গৃহকর্মী ও দারোয়ানদের নিয়ে তাদের ওই এক কক্ষে থাকতে হয়। এক কথায় নিজের মা ও তুহিন আফরোজের ভাই নিজ বাড়িতে অবরুদ্ধ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দিয়ে তাদের প্রতি মুহূর্তের গতিবিধি পর্যবেক্ষণ করে মানসিক নিপীড়ন চালানো হচ্ছে।

শাহনওয়াজ আরও অভিযোগ করেন, কারারুদ্ধ তুরিন আফরোজ কেন্দ্রীয় কারাগার থেকেই কলকাঠি নাড়ছেন। নিজের ১৯ বছরের কন্যাকে জঘন্য রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করা হচ্ছে। ওই বাড়িটি ‘কোচ আপ ইন্টারন্যাশনাল’ নামের একটা কোচিং সেন্টারকে ভাড়া দিয়ে রেখেছেন তুরিন আফরোজ। ওই কোচিং সেন্টারকে ভাড়া দিয়েই তুরিন আফরোজ মূলত বাড়িটি দখল করে রেখেছেন।

সংবাদ সম্মেলনে শাহনওয়াজ বর্তমান প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি আদালতের রায় শতভাগ বাস্তবায়ন করে নিজের বাসভবনের পূর্ণ দখল ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাসহ কোচিং সেন্টার উচ্ছেদের দাবি জানান।