হোম > সারা দেশ > ঢাকা

আদি বুড়িগঙ্গা চ্যানেল হবে হাতিরঝিলের চেয়েও নান্দনিক: মেয়র তাপস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদি বুড়িগঙ্গা চ্যানেলকে হাতিরঝিলের থেকেও নান্দনিক করে গড়ে তোলা হবে ৷ সেই লক্ষ্যে পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ বুধবার আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে চলমান কার্যক্রম পরিদর্শন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন মেয়র। 

মেয়র বলেন, ‘হাতিরঝিলের কাজ শেষ করতে প্রায় ১০ বছর সময় লেগেছিল। আর হাতিরঝিল কিন্তু বদ্ধ জলাশয়। এটা (আদি বুড়িগঙ্গা চ্যানেল) উন্মুক্ত নদীর অববাহিকা। এখানে একটু ভিন্নতা রয়েছে। যেহেতু নদীর অববাহিকা, সেহেতু এটিকে আরো সুন্দর, আরো বেশি নান্দনিক করে গড়ে তুলতে আমরা পরিকল্পনা নিয়েছি।’

প্রকল্প প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তাপস বলেন, ‘আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধারে প্রথম পর্যায়ে নিজস্ব অর্থায়নে আমরা ২৫ কোটি টাকা বরাদ্দ রেখেছিলাম। সেখান থেকে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে আমরা প্রাথমিক পর্যায়ের খননকাজ সম্পন্ন করেছি। আপনারা জানেন, এই নদীর অববাহিকা পূর্ণরূপেই ভরাট করে ফেলা হয়েছিল। কিন্তু এখন নদী প্রবাহের সেই অববাহিকা আবার ফিরে এসেছে। এখন দ্বিতীয় পর্যায়ের কাজগুলো আমরা হাতে নিয়েছি। আমরা আমাদের বাজেটে নিজস্ব অর্থায়নে আরো প্রায় ৩৫ কোটি টাকার সংস্থান রেখেছি এবং সীমানা নির্ধারণের কাজ চলমান রয়েছে।’ 

দ্বিতীয় পর্যায়ের খননকাজ, বিশেষ করে এই বেড়িবাঁধের পাশ দিয়ে ঢালের যে অংশ বিভিন্নভাবে দখল হয়ে গিয়েছিল, সেই অংশটা এই মৌসুমে পূর্ণরূপে দখলমুক্ত করার কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘আমরা ইতিমধ্যে পরামর্শক নিয়োগ করেছি। তাঁরা প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন। যেহেতু এই চ্যানেল কালুনগর স্লুইসগেট থেকে মুসলিমবাগ পর্যন্ত দীর্ঘ সাত কিলোমিটার জুড়ে বিস্তৃত, সেহেতু ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে এক কিলোমিটার করে বা অংশ ধরে কিংবা যেভাবে পরামর্শকরা উপযুক্ত মনে করেন সেভাবেই নকশা প্রণয়নের জন্য আমরা তাঁদের নির্দেশনা দিয়েছি। কাজটি এখন চলমান রয়েছে।’

আদি বুড়িগঙ্গা চ্যানেল পুনরুদ্ধার কার্যক্রম আগামী তিন বছরের মধ্যে সম্পন্ন করার আশাবাদও জানান মেয়র। 

এ সময় অন্যান্যের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, করপোরেশনের সচিব আকরামুজ্জামান, অঞ্চল-৩-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বাবর আলী মীর, কাউন্সিলরদের মধ্যে ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোকাদ্দেস হোসেন জাহিদ, ৫৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেন এবং সংরক্ষিত আসনের নিলুফার রহমানসহ আরোও অনেকেই উপস্থিত ছিলেন।

রাজধানীতে বাস টার্মিনালের স্থান পরিদর্শনে সরকারের উচ্চপর্যায়ের দল

ডিসেম্বরে ঢাকায় দক্ষিণ এশিয়ার বৃহত্তম ‘ডিসকাউন্ট ফেস্ট’, ৭৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনডিএফের

সাবেক এমপি নূর মোহাম্মদ কারাগারে, জেবুন্নেসা আরও এক মামলায় গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শফিকুর রহমানের যে মধুর সম্পর্ক, আগের ইতিহাসে ছিল না: শাহে আলম

অর্থ পাচার মামলা: সালমানসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৩ জুলাই

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও ছয়জন

আজ ৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

কারওয়ান বাজারে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭

যাত্রাবাড়ীতে হেরোইন-ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার