হোম > সারা দেশ > ঢাকা

মোহাম্মদপুরে রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনুরাগ রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

চাঁদা না পেয়ে রাজধানীর মোহাম্মদপুরে ‘অনুরাগ’ নামের একটি রেস্তোরাঁ ও ফার্মেসি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার মধ্যরাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিপরীতে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এতে ফার্মেসির সামনের কাচ ভেঙে গেলেও কেউ হতাহত হননি।

রেস্তোরাঁ ও ফার্মেসির মালিক সৈয়দ হাসান নুর ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তাঁর অভিযোগ, গত ৫ নভেম্বর তাঁকে ফোন করে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘কিলার পাপ্পুর’ নাম ব্যবহার করে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এর আগে তাঁর প্রতিষ্ঠান লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, মধ্যরাতে হেলমেট পরা দুই ব্যক্তি রেস্তোরাঁ ও ফার্মেসির সামনে এসে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যান। এ সময় কাছেই মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিলেন আরও কয়েকজন। স্থানীয়রা জানান, এর আগেও ওই এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শরিফ বলেন, অজ্ঞাতনামা ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা চলছে।

থানার আরেক উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম কবির বলেন, এ ঘটনায় এখনো ভুক্তভোগীরা লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।