হোম > সারা দেশ > ঢাকা

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা বিভাগ। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

রাতেই ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলাও হয়েছে।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। পরে যুবলীগের রাজনীতিতেও যুক্ত হন তিনি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।

২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জ্যোতিকা জ্যোতি। তবে কোনোবারই দলীয় মনোনয়ন পাননি। পাশাপাশি সংসদের সংরক্ষিত নারী আসনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।