রাজধানীর শাহজাহানপুরে জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বড় বোন ও বোন জামাইয়ের হাতে ছোট ভাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতের নাম ফখরুল হাসান ফরহাদ (৪৪)। এ ঘটনায় ফখরুল হাসানের বড় বোন নুর আফসানা নিপা ও তার স্বামী আবদুস সামাদ সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) মধ্যরাতে পুলিশ উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদ গলির ৪৭৬/বি নম্বর বাড়ির ছাদের সেমিপাকা বাসা থেকে ফখরুল হাসান ফরহাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত ফরহাদের ছোট বোন নার্গিস সুলতানা জানান, ওই বাড়িটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলা তার বড় বোনের। আর চতুর্থ তলা তার নিজের। ছাদে সেমিপাকা টিনশেডের দুটি কক্ষ তৈরি করে সেখানে স্ত্রী সাদিয়া আক্তার শম্পাকে নিয়ে থাকতেন ফখরুল হাসান ফরহাদ। ফরহাদ পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। তাঁর স্ত্রী সাদিয়া আক্তার গার্মেন্টস কর্মী। তাদের কোনো সন্তান নেই।
নার্গিস আরও জানান, বাড়িটি তাদের দুই বোনের হলেও আর্থিক সংকটের কারণে তার ভাইকে বাসার ছাদে সেমিপাকা টিনশেড ঘর তুলে থাকতে দিয়েছিলেন। তবে ভাইয়ের কাছ থেকে গ্যাস ও পানির বিল আদায় করতেন বড় বোন নুর আফসানা নিপা। আর্থিক সংকট ও অসুস্থতার কারণে ২০১৭ সালের পর থেকে কোনো বিল দিতে না পারায় ভাইয়ের প্রতি ক্ষিপ্ত ছিলেন বড় বোন। প্রায় সময় বাসায় এসে ঝগড়াঝাঁটি করতেন এবং তাদের বের হয়ে যেতে বলতেন। চলতি বছরের আগস্ট মাসের পর থেকে তাদের খুব জোর দিচ্ছিলেন বাসা থেকে বেরিয়ে যেতে।
তিনি জানান, বুধবার ফখরুলের স্ত্রী যখন কর্মস্থলে থেকে রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফেরেন, তখন তাকে বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন তাঁর চিৎকারে আশপাশের লোকজন ওই বাসায় যায় এবং ওই বাসার নিচ তলা থেকেই বড় বোনকে আটক করে। এরপর বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, বড় বোনের স্বামী হেলমেট পড়ে বগলের নিচে একটি ধারালো চাপাতি নিয়ে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই আটক করে বড় বোনকে নুর আফসানাকে।
এদিকে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, জমিজমা ও বাড়ির মালিকানা নিয়ে ফখরুল হাসানের সঙ্গে তাঁর বোনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরে বড় বোন ও বোন জামাই বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টার মধ্যে যেকোনো সময় ছাদের কক্ষে ঢুকে ফখরুল হাসান ফরহাদকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। রাতেই বড় বোন নুর আফসানা নিপাকে বাসার ভেতরে এবং ভগ্নিপতি আব্দুস সামাদকে আটক করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলায় বড় বোন এবং বোন জামাইকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।