হোম > সারা দেশ > ঢাকা

বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি কেরানীগঞ্জে গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মো. বাদল হক। ছবি: র‍্যাব

বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাদল হককে (৫৯) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গতকাল বুধবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানার ইমাম বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি আজ বৃহস্পতিবারে নিশ্চিত করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তার বাদল হক মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার পূর্ব ব্রজের হাটি এলাকার বাসিন্দা।

র‍্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সিপিএসসি, লালবাগ কোম্পানির একটি দল এই অভিযান চালায়। বাদল হক বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারার মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন। তাঁর বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদল হক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।