হোম > সারা দেশ > ঢাকা

আন্দোলনকারী শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা উদ্বেগজনক: ১০৯ নাগরিকের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

বরিশালে নার্সিং ইনস্টিটিউটের আন্দোলনকারী শিক্ষার্থী অন্তু বিশ্বাসের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছেন ১০৯ জন নাগরিক। তাঁরা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, সংবাদ সম্মেলন ও ফেসবুকে ছবি প্রকাশের মতো স্বাভাবিক নাগরিক আচরণকে সাইবার অপরাধ হিসেবে দেখানো মতপ্রকাশের স্বাধীনতা ও সংবিধানস্বীকৃত অধিকারের জন্য হুমকিস্বরূপ।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা এ উদ্বেগ জানান। বিবৃতিতে অন্তু বিশ্বাসসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং তাঁদের বিরুদ্ধে করা অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অন্তু বিশ্বাস বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে বহিষ্কারাদেশ, হামলা এবং সর্বশেষ সাইবার সুরক্ষা আইনে মামলা করার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন।

শিক্ষার্থীদের অভিযোগের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালক দীর্ঘদিন ধরে নার্সিং কলেজের নামে অনিয়ম, দুর্নীতি ও শিক্ষা-বাণিজ্য চালিয়ে আসছেন। সম্প্রতি ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ১২ হাজার টাকা করে মোট আনুমানিক ২৭ লাখ টাকা আদায়ের অভিযোগ ওঠে। শিক্ষার্থীরা এ নিয়ে আন্দোলন করলে কর্তৃপক্ষ টাকা ফেরত দিতে বাধ্য হয় বলে তাঁরা জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত স্বপ্রণোদিত হয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এ আন্দোলনের জেরে অন্তু বিশ্বাসসহ অন্য শিক্ষার্থীদের বহিষ্কার, কারণ দর্শানোর নোটিশ, হামলা ও মামলার মুখে পড়তে হচ্ছে।

নাগরিকদের দাবি, মামলায় হ্যাকিং, প্রতারণা, সাইবার সন্ত্রাস, ব্ল্যাকমেইল ও ধর্মীয় বিদ্বেষের মতো গুরুতর অভিযোগের ধারা উল্লেখ করা হয়েছে। অথচ মামলায় বর্ণিত ঘটনার সঙ্গে এসব অভিযোগের সম্পর্ক তাঁরা দেখতে পাচ্ছেন না। তাঁদের মতে, এ ধরনের মামলা আন্দোলনকারী শিক্ষার্থীদের হয়রানির সুযোগ তৈরি করছে।

বিবৃতিতে অন্তু বিশ্বাসের ওপর হামলার ঘটনায় করা মামলার অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করার পাশাপাশি নার্সিং ইনস্টিটিউটের সব অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মুহাম্মদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আইনজীবী হাসনাত কাইয়ূম, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানজীমউদ্দীন খান, লেখক ও গবেষক আলতাফ পারভেজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহা মির্জা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন প্রমুখ।