রাজধানীর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনের জামিন নামঞ্জুর করা হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন।
গতকাল শনিবার তিন দিনের রিমান্ড শেষে ডরিনকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির উপ পুলিশ পরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন নাফিজ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে ডরিনের পক্ষে জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন। আজ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ২৬ নভেম্বর ভোরে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকা থেকে ডরিনকে গ্রেপ্তার করে ডিবি। পরে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ওই দিনই ডরিনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।
এজাহার সূত্র জানায়, গত ৯ নভেম্বর রাতে যাত্রাবাড়ী থানা-পুলিশের একটি টহল দল যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় দায়িত্ব পালনকালে খবর পায়, যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে পাকা রাস্তার ওপর অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা নৈরাজ্য ও ত্রাস সৃষ্টি এবং জনসাধারণের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং ঘটনার সত্যতা পায়। পরে ঘটনাস্থল থেকে তারকাঁটা, কাচের টুকরাসহ বেশকিছু আলামত জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন ১০ নভেম্বর যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করে পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে কলকাতায় গিয়ে সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ হন। এর কিছুদিন পর তাঁর খণ্ডিত মরদেহ পাওয়া যায়। আনার হত্যার ঘটনার পর আলোচনায় আসেন তাঁর মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। বাবার নিখোঁজ হওয়ার ঘটনায় বিভিন্ন সময়ে গণমাধ্যমে বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন ডরিন।