সরকারের আয়-ব্যয়ের হিসাব ক্রমেই কঠিন হয়ে উঠছে। একদিকে বাজেটের ব্যয় মেটাতে ঋণনির্ভরতা বাড়ছে, অন্যদিকে রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছরের প্রথম চার মাসেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ঘাটতি তৈরি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরের (জুলাই-অক্টোবর) সময়ে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতি হয়েছে অর্ধ-লক্ষাধিক কোটি টাকা। এ সময়ে প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে আদায় হয়েছে ১ লাখ ২৮ হাজার কোটি টাকার কম। অর্থাৎ, লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় কম হয়েছে ৫০ হাজার কোটি টাকার বেশি।
এর আগে অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রাজস্ব আদায়ে ঘাটতি ছিল প্রায় ৪৩ হাজার কোটি টাকা। পরের এক মাসে ঘাটতি আরও বেড়ে ৫০ হাজার কোটি টাকা ছাড়ানোয় সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
এনবিআরের কর্মকর্তারা বলছেন, অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রত্যাশিত গতি না থাকা, উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং কিছু নীতিগত সমস্যার কারণে রাজস্ব আদায়ে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি আসছে না। তবে ঘাটতি বড় হলেও আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় বেড়েছে। কিন্তু এ প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে। অথচ গত অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ছিল ১৬ শতাংশের বেশি।
এনবিআরের তথ্য অনুযায়ী, রাজস্ব আদায়ের তিনটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায়ে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে আয়কর ও আমদানি পর্যায়ের কর আদায়ে প্রায় ১৪ শতাংশ প্রবৃদ্ধি হলেও ভ্যাট আদায়ে কোনো প্রবৃদ্ধি হয়নি। বরং আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে আদায় কমেছে প্রায় ৬ শতাংশ।
জানা গেছে, চলতি অর্থবছরের বাজেটে সরকার ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগের অর্থবছরের প্রকৃত আদায়ের তুলনায় এ লক্ষ্য ৪৫ শতাংশ বেশি। দেশের ইতিহাসে এক অর্থবছরে রাজস্ব আদায় বৃদ্ধির এত বড় লক্ষ্যমাত্রা আগে কখনো নির্ধারণ করা হয়নি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় বেড়েছিল ১২ শতাংশ। আর বিগত বছরগুলোর হিসাবে গড় প্রবৃদ্ধি প্রায় ১৫ শতাংশ। ফলে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে বাজেট ঘোষণার সময় থেকে প্রশ্ন তুলেছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাজেটে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল, আগেই বলেছিলাম, তা বাস্তবসম্মত নয়। এখন সেটিই প্রতিফলিত হচ্ছে। এতে সরকারকে ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিয়ে উন্নয়ন কাজ পরিচালনা করতে হচ্ছে। আগামীতে রাজস্ব আদায়ের পরিমাণ আরও কমতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এই মুহূর্তে সরকার খুব বেশি উন্নয়নমূলক কাজ করতে পারছে না। ফলে আগামীতে রাজস্ব আদায় বাড়ার সম্ভাবনাও খুব বেশি নেই। এ ছাড়া, আইএমএফের সঙ্গে সরকার যে নতুন ঋণ চুক্তি করতে যাচ্ছে, সেখানেও অন্যতম শর্ত হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি। তাই সরকারকে এই বিষয়ে আরও বেশি মনোযোগী হতে হবে।