হোম > সারা দেশ > ঢাকা

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে অভিযান চালিয়ে ভাসমান দোকানপাট উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের গ্রাউন্ড ফ্লোরে বসা ভাসমান দোকানপাট উচ্ছেদ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানগুলোর সরঞ্জাম জব্দ করা হয়।

আজ বুধবার বেলা ১১টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আহসান উল্লাহ শরিফীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), এমআরটি পুলিশ ও ডিএমটিসিএলের কর্মীরা সহযোগিতা করেন।

অভিযানে অবৈধ দোকানিদের মেট্রোরেল স্টেশন ও আশপাশে পুনরায় দোকান না বসানোর বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি স্টেশন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়।

ডিএমটিসিএল বলেছে, মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং প্রবেশ ও বহির্গমন পথ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।