হোম > সারা দেশ > ঢাকা

পুলিশ পরিচয়ে প্রবাসীর ৪৭০০ রিয়াল ও স্বর্ণালংকার ছিনতাই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

ছয় বছরের বেশি সময় সৌদি আরবে কাটিয়ে দেশে ফেরার কয়েক ঘণ্টার মধ্যেই ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রবাসী ওমার ফারুক। পুলিশ পরিচয়ে তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির নামে ৪ হাজার ৭০০ সৌদি রিয়াল ও প্রায় ৮৮ গ্রাম স্বর্ণালংকার নিয়ে গেছে চার-পাঁচজনের একটি দল।

আজ শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টা ৬ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন গণভবনসংলগ্ন জুলাই জাদুঘর ও জিয়া উদ্যানের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওমার।

অভিযোগে বলা হয়, গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে ফেরেন ওমার। তাঁকে নিতে বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন বাবা দুদু মিয়াসহ স্বজনেরা। রাতের বেলায় ছিনতাইয়ের আশঙ্কায় কয়েক ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করে ভোরে কেরানীগঞ্জের গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তাঁরা।

গণভবনসংলগ্ন সিগন্যাল এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি হায়েস গাড়ি তাদের প্রাইভেটকারের সামনে দাঁড় করানো হয়। গাড়ি থেকে চার-পাঁচজন নেমে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে গাড়ির চাবিসহ ওমারের কাছে থাকা রিয়াল ও স্বর্ণালংকার নিয়ে তাঁরা দ্রুত চলে যান।

ওমারের দাবি, পুরো ঘটনা দেড় মিনিটের মতো সময়ে ঘটে। যাওয়ার সময় একজন হুমকি দেন এবং তাঁর হাতে ছুরি ছিল। আরেকজনের হাতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবহৃত লাইট স্টিক।

পরে ওমার শেরেবাংলা নগর থানায় লিখিত অভিযোগ করেন। তবে তাৎক্ষণিকভাবে মামলা নেয়নি পুলিশ। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ যাচাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মামলা নেওয়া হবে।’