হোম > সারা দেশ > ঢাকা

৯৯৯-এ ফোন পেয়ে মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার, গ্রেপ্তার ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনা পরিবহনের একটি বাস চুরির অভিযোগে গ্রেপ্তার মো. রাসেল (২১) ও লালচান (৩০)। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে চুরি হওয়া এনা পরিবহনের একটি বাস মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাস থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করে জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, আজ ভোর ৪টার দিকে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন মাহফুজ নামে এক ব্যক্তি। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পান— বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচল করছে।

খবর পেয়ে ৯৯৯ থেকে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কন্ট্রোল রুম, তুরাগ থানা ও রূপনগর থানাকে জানিয়ে বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। পরে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় থেকে প্রায় ৫০০ গজ উত্তরে অভিযান চালিয়ে এনা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে।

এ সময় বাস থেকে চুরির অভিযোগে মো. রাসেল (২১) ও লালচান (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। রাসেল নরসিংদীর রায়পুর থানার হিঙ্গাতলী এলাকার মো. রবিউল্লাহর ছেলে। তার বর্তমান ঠিকানা মহাখালী বাস টার্মিনাল এলাকায়। গ্রেপ্তার লালচানের বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার পাইকড়া এলাকায়। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল থানার তিব্বত এলাকার একটি কারখানায় থাকতেন।

৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন। পরবর্তী সময়ে কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।