হোম > সারা দেশ > ঢাকা

হত্যাচেষ্টা মামলায় জ্যোতিকা জ্যোতি কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ফাইল ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে জ্যোতিকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই মো. মুরশিদুল আলম তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গতকাল বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাঁকে হেফাজতে নেয় ডিবি। এরপর তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে পাকা রাস্তার ওপর ছাত্র-জনতা কোটা সংস্কার আন্দোলনে মিছিল সমাবেশ করছিল। মিছিলে এনামুল হক নামের এক ব্যক্তি অংশগ্রহণ করেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টার সময় মিছিলে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারাসহ পুলিশ হামলা করে। এ সময় এনামুল হক পায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি।

চিকিৎসা শেষে সুস্থ হয়ে ২০২৫ সালের ৩ মে শেখ হাসিনাসহ ২৮৩ জনের বিরুদ্ধে এনামুল হক বাদী হয়ে ভাটারা থানায় মামলা করেন।

জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, জ্যোতিকা জ্যোতি একজন অভিনেত্রী ও বৈষম্যবিরোধী আন্দোলন দমানোর জন্য তিনি অর্থের জোগানদাতা। তাঁকে গ্রেপ্তার করার পর এ মামলাসংক্রান্ত জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। এই আসামিকে পরে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য তাঁকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন।

শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জ্যোতিকা জ্যোতি। পরে যুবলীগের রাজনীতিতেও যুক্ত হন তিনি। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী। এ ছাড়া আওয়ামী লীগের হয়ে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।