হোম > সারা দেশ > ঢাকা

ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস বিচারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে আজ সোমবার অর্ধদিবস বন্ধ থাকবে সুপ্রিম কোর্টের বিচারকাজ। আজ আপিল বিভাগের বিচারকাজ বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের বিচারকাজ দুপুর সোয়া ১টা পর্যন্ত চলবে। এরপর উভয় বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।

আজ সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এদিকে আজ বেলা ১১টায় সুপ্রিম কোর্টে এবং বাদ জোহর বায়তুল মোকাররমে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে আব্দুর রাজ্জাককে দাফন করার কথা রয়েছে।

এর আগে গতকাল রোববার রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল এশার নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

সাংবিধানিক ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শোকবাণীতে প্রধান বিচারপতি বলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বাংলাদেশের আইন অঙ্গনে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে। বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ থেকে প্রধান বিচারপতি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন প্রধান বিচারপতি।

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন এই জ্যেষ্ঠ আইনজীবী। আওয়ামী লীগ সরকারের সময় ১১ বছর দেশের বাইরে ছিলেন। গত ৬ জানুয়ারি তাঁর জুনিয়র আইনজীবীরা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তাঁকে সংবর্ধনা দেন। যুক্তরাজ্যে থাকা অবস্থায় ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এরপর আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রধান উপদেষ্টা হন। তবে গত বছরের ১৭ আগস্ট সেই পদ থেকেও পদত্যাগ করেন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৪৯ সালের ৩১ ডিসেম্বর সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন। বিএ (অনার্স) ও এম এ ডিগ্রি অর্জনের পর ১৯৮০ সালে তিনি যুক্তরাজ্যের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সাল পর্যন্ত লন্ডনেই আইন পেশায় নিয়োজিত ছিলেন। দেশে ফিরে ১৯৮৬ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০২ সালে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হন।

কামরাঙ্গীরচর থেকে নিখোঁজ পাটগ্রামের কিশোর লিমন, ২০ দিনেও মেলেনি সন্ধান

জামিন পেয়েও কারামুক্তি আটকে গেল সাবেক প্রধান বিচারপতির, আরেক মামলায় গ্রেপ্তার আবেদন

বৃক্ষরোপণ ও ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় ডিএসসিসির বিশেষ কমিটি

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

স্বামীকে হত্যার পর দেহ ৬ খণ্ড করে গুম, স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুর রায়

রিমান্ড শেষে কারাগারে নীলফামারী-৩ আসনের সাবেক এমপি আশিকা

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২, সবচেয়ে বেশি মিরপুরে

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২১০৪ মামলা

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার