মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বাসচাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ডের সামনে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন।
নিহত দুজন হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের ইয়াসিন (২১) ও বাবুল (২৮)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের মো. শাহান (৫০) ও তাঁর স্ত্রী রোজিনা আক্তার। তাঁদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৌহালী থেকে পাঁচ যাত্রী নিয়ে একটি ইজিবাইক ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিল। এ সময় পেছন দিক থেকে আসা ঢাকা থেকে পাটুরিয়াগামী সেলফি পরিবহনের একটি বাস ওই ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নিহত হন। গুরুতর আহত বাবুলকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, এর আগে ঘিওরের পুখুরিয়ায় সেলফি পরিবহনের বাসের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর পরিবহনটির পারমিট বাতিলসহ বিভিন্ন দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল।