হোম > সারা দেশ > ঢাকা

কদমতলীতে ব্যবসায়ীকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ‘শুটার মহিন’ গ্রেপ্তার

শ্যামপুর-কদমতলী (প্রতিনিধি) ঢাকা 

র‍্যাবের হাতে আটক সাজেদুর রহমান মহিন ওরফে ‘শুটার মহিন’। ছবি: সংগৃহীত

‎রাজধানীর কদমতলীতে ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে শুটার মহিনকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

‎গতকাল বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

‎র‍্যাব-১০-এর অধিনায়কের পক্ষে এক বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক (মিডিয়া) তপন সরকার জানান, গত ৬ মে বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে ঢাকা মহানগরের কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের রেললাইনসংলগ্ন কাঁচা সড়কে এ ঘটনা ঘটে। এজাহারভুক্ত প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে শুটার মহিনসহ অন্য আসামিরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ব্যবসায়ী হাসানের পথ রোধ করেন। এ সময় তাঁরা তাঁর মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন এবং নগদ ১৯ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেন। একই সঙ্গে ভুক্তভোগীর ব্যবহৃত প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।

‎ঘটনার পর ভুক্তভোগী হাসান কদমতলী থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব-১০ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে।

‎র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মহিন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে প্রায় ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মামলার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।