ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জনগণের জন্য উন্মুক্ত খেলার মাঠ ও পার্ক তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি বলেন, ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব পার্ক ও খেলার মাঠ দখলমুক্ত এবং সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
আজ মঙ্গলবার রাজধানীর মিরপুর ১৩ এর ৪ নম্বর ওয়ার্ড এলাকায় শিশুদের খেলার মাঠ, শহীদ মিনার ও পার্ক উদ্বোধনকালে ডিএনসিসি প্রশাসক এসব কথা জানান।
প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন জানান, এই পার্ক ও খেলার মাঠের সংরক্ষণ ও দেখাশোনা করার জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয় একটি কমিটি গঠন করা হবে। এই কমিটি মাঠের সব দায় দায়িত্ব গ্রহণ করবে। আগামী দেড় মাসের মধ্যে এই পার্ক ও খেলার মাঠ সিসি ক্যামেরার আওতায় আসবে বলেও জানান তিনি।
সন্ধ্যায় যেন পার্কে কোনো অসামাজিক কাজ বা মাদকাসক্তদের আড্ডা না বসে, সেজন্য স্থানীয় পুলিশ প্রশাসন ও কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান প্রশাসক।