রাজধানীর মগবাজারে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী চাচা ও ভাতিজা নিহতের ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার কাভার্ড ভ্যানচালকের নাম সাইফুল ইসলাম রাজু (২৯)। নিহত ব্যক্তিরা হলেন নড়াইল সদর উপজেলার মধুরগাতি ফকিরপাড়া গ্রামের ইলিয়াস ফকিরের ছেলে জামান আহমেদ (৪২) ও লিয়াকত ফকিরের ছেলে রিয়াদ হোসেন (২২)। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাতে মগবাজার-মৌচাক উড়ালসড়কের ওয়্যারলেস ঢালে কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী জামান ও রিয়াদসহ তিনজন আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতেই জামান ও রিয়াদের মৃত্যু হয়। এ ঘটনায় জামান আহমেদের বাবা রমনা থানায় একটি মামলা করেন।
ওসি মো. ইয়াছিন মিয়া জানান, ঘটনার সময়ই চালক সাইফুল ইসলাম রাজুকে আটক করা হয়। কিন্তু তিনি নিজেকে চালকের সহযোগী পরিচয় দিলে জটিলতার সৃষ্টি হয়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি চালক পরিচয়টি স্বীকার করেন। তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।