রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা এক নির্মাণশ্রমিককে চাপা দিয়েছে দ্রুতগতির একটি প্রাইভেট কার। এতে ঘটনাস্থলেই মেহেদী হাসান (২৪) নামের ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। তাঁর কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে এ ঘটনা ঘটে।
গুলশান থানার পরিদর্শক (অপারেশনস) আমিনুল ইসলাম মিন্টু বলেন, একটি দ্রুত গতির প্রাইভেটকার ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহতের নাম মেহেদী হাসান। তাঁর গ্রামের বাড়ি নীলফামারীর জেলার ডোমার উপজেলার সোনারায় গ্রামে।
ঘটনার পর পথচারীরা এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাঁর নাম হাসান বলে জানিয়েছে পুলিশ।
গাড়ির মালিকের বিষয়ে জানতে চাইলে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, 'ওই কিশোর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তার ছেলে।'
পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, 'গাড়িটি ওই কিশোরের বাবার। গাড়িটি একজন চালক চালাচ্ছিলেন বলে জানা গেছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ফুটপাতে বসে থাকা মেহেদী হাসানকে চাপা দেওয়ার পর প্রাইভেটকারটি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন। গাড়ির ডান পাশ থেকে অর্থাৎ চালকের আসন থেকে নেমে আসেন কালো টি-শার্ট পরা এক কিশোর। অপর পাশ থেকে শার্ট পরা মধ্যবয়সী এক ব্যক্তিকে নেমে আসতে দেখা যায়। আশপাশের লোকজন ছুটে এলে তাঁরা দুজনই প্রাইভেটকারের পাশে যান। পরে ওই কিশোরকে সেখান থেকে এক দিকে সরে যেতে দেখা যায়।
ভিডিওতে আরও দেখা যায়, দুর্ঘটনার পর শ্রমিকেরা গাড়িটি উল্টে ওই শ্রমিকের রক্তাক্ত অবস্থায় বের করে আনেন।