হোম > সারা দেশ > ঢাকা

দেড় মাসের ব্যবধানে আবারও চকবাজারে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের ছোট কাটরায় দেড় মাসের ব্যবধানে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ২৮ মিনিটের দিকে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় থাকা গোডাউনে আগুন লাগে। গোডাউনটিতে খেলনাসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকসামগ্রী মজুত ছিল।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে।

এর আগে গত ১২ অক্টোবর একই এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই দিন বিকেল ৫টার দিকে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। ভবনটির বিভিন্ন গোডাউনে প্লাস্টিক ও জুয়েলারিসামগ্রী মজুত ছিল। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টির বেশি ইউনিটকে কাজ করতে হয়। দীর্ঘ ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলে আগুন নেভানোর কার্যক্রম। ওই ঘটনায় ব্যবসায়ীদের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের ভাষ্য, চকবাজারের ছোট কাটরা এলাকায় পাইকারি পণ্য সংরক্ষণ ও বিক্রির জন্য অসংখ্য গোডাউন রয়েছে। এসব গোডাউনে ভ্যানিটি ব্যাগ, জুয়েলারি, প্লাস্টিকের খেলনা, প্রসাধনসামগ্রীসহ বিভিন্ন ধরনের পণ্য মজুত করা হয়। অধিকাংশ গোডাউনই মালামালে ঠাসা। পাশাপাশি এলাকার অনেক ভবন পুরোনো ও ঝুঁকিপূর্ণ। কিছু ভবন অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব ভবনে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই বলে জানান স্থানীয়রা।

এলাকার সরু গলিও অগ্নিনির্বাপণ কার্যক্রমের বড় বাধা। গলির প্রশস্ততা কম হওয়ায় ফায়ার সার্ভিসের বড় গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এ ছাড়া অনেক ভবনে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। পানির স্বল্পতাও অগ্নিনির্বাপণ কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করে।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছিলেন, চকবাজারের এই এলাকার ভবনগুলোর অধিকাংশ কক্ষ গোডাউন হিসেবে ব্যবহৃত হয়। এসব গোডাউন তালাবদ্ধ থাকায় আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হয়। পাশাপাশি সরু গলির কারণে অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি হয়।