হোম > সারা দেশ > ঢাকা

‎সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা। ছবি: আজকের পত্রিকা

‎সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, নিরাপদ সড়ক অবকাঠামো, নিয়ন্ত্রিত গতিসীমা, নিরাপদ যানবাহন এবং দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

‎রোববার (১৫ নভেম্বর) বিশ্ব রোডক্র্যাশে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণ দিবস উপলক্ষে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে।

‎সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের রোড সেফটি প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ ওয়ালী নোমান। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৩ সালের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, ২০১০ থেকে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার বেড়েছে ২৩ শতাংশ। বিপরীতে ইউরোপীয় অঞ্চলে একই সময়ে মৃত্যুর হার কমেছে ৩৬ শতাংশ।

‎প্রবন্ধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য তুলে ধরে বলা হয়, দেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০২৩ সালে ৫ হাজার ৩০৫ জনের, ২০২৪ সালে ৫ হাজার ৪৮০ জনের এবং ২০২৫ সালে ৫ হাজার ৪৮৯ জনের।‎

‎প্রবন্ধে আরও বলা হয়, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের চিকিৎসায় হাসপাতালের মোট শয্যার গড়ে ১৬ দশমিক ২ শতাংশ ব্যবহৃত হয়। ২০২৪ সালের এক গবেষণার তথ্য অনুযায়ী, একজন আহত রোগীকে গড়ে ১৬ দিন হাসপাতালে থাকতে হয়। এ সময়ে সরকারি ব্যয়ের বাইরে রোগীপ্রতি গড়ে ৩১ হাজার ৬৮৩ টাকা খরচ হয়।

‎‎অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আঘাতের বড় অংশই প্রতিরোধযোগ্য। দুর্ঘটনার পর চিকিৎসার পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করা গেলে প্রাণহানি কমার পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর চাপও কমবে।

‎বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় তাঁদের তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের মৃত্যু মানবিক সহায়তা কার্যক্রমের জন্য বড় ক্ষতি। গত ২৩ অক্টোবর ফরিদপুরের মধুখালী-কানাইপুর সড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে নূর মোহাম্মদ আরিক, মোহাম্মদ রাব্বি হোসেন ও তামান্না তাবাসসুম ঐশী নিহত হন। তাঁরা একটি ভিবিডি কার্যক্রমে অংশ নিয়ে মাগুরায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

‎‎তিনি বলেন, প্রতিটি গুরুতর দুর্ঘটনার যথাযথ তদন্ত, দায় নির্ধারণ এবং দ্রুত উদ্ধার ও চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক কাজে লাগানো যেতে পারে।‎

‎প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে সরকার সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে। এ আইন কার্যকর হলে দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার ও জরুরি চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি উদ্ধারকাজে এগিয়ে আসা ব্যক্তিদের আইনি সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

‎তিনি আরও বলেন, পরিবহন শ্রমিকদের নিয়মিত প্রশিক্ষণ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সরকারি ট্রাস্ট ফান্ড থেকে সহায়তার বিষয়টি তাঁদের জানাতে হবে, যাতে তাঁরা সময়মতো প্রয়োজনীয় সহায়তা পান।‎

‎সভায় অন্যান্য বক্তারা বলেন, জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক দ্বিতীয় দশকের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের সংখ্যা ৫০ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। এ লক্ষ্য অর্জনে সেফ সিস্টেম অ্যাপ্রোচ বাস্তবায়ন, সমন্বিত আইন প্রণয়ন, সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি এবং দুর্ঘটনা-পরবর্তী উদ্ধার ও চিকিৎসাব্যবস্থা শক্তিশালী করতে হবে।‎

‎সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী। এতে বিআরটিএর পরিচালক (রোড সেফটি) মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।