হোম > সারা দেশ > ঢাকা

গ্যারেজে ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রিকশাচালকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাজারীবাগে গ্যারেজে ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রহমান (৫০) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালকের মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন। এর আগে আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে।

গ্যারেজমালিক মো. আরিফ হোসেন জানান, মনেশ্বর রোডে তাঁর গ্যারেজ। সেখানেই ব্যাটারিচালিত রিকশা রাখেন আব্দুর রহমান। দুপুরে রিকশা নিয়ে এসে চার্জে বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়ে যান তিনি। দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রহমানের বাড়ি নওগাঁ জেলার রানীগঞ্জ উপজেলার এনায়েতপুর সোনাপাড়া গ্রামে। তাঁর বাবার নাম আব্দুর রকিব। দুই ছেলে, এক মেয়ে, স্ত্রীসহ মনেশ্বর রোডে থাকতেন তিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাজারীবাগ থানা-পুলিশ তদন্ত করছে।