হোম > সারা দেশ > ঢাকা

ঈদের আনন্দ সঙ্গী করে রাজধানীতে ফিরছে মানুষ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর প্রধান রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে দ্বিমুখী যাত্রার ব্যস্ততা। ছবি: আজকের পত্রিকা

ঈদুল ফিতরের ছুটি শেষে সরকারি অফিস-আদালত খুললেও রাজধানীতে ফেরা মানুষের ঢল এখনো অব্যাহত রয়েছে। ঈদের আমেজ নিয়েই বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকায় ফিরছেন। একই সঙ্গে অনেকে আবার দেরিতে পাওয়া ছুটি কিংবা টানা ছুটির সুযোগে গ্রামমুখী হচ্ছেন। ফলে রাজধানীর প্রধান রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে দ্বিমুখী যাত্রার ব্যস্ততা।

আজ বুধবার (২৫ মার্চ) সকালে কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রীবোঝাই ট্রেন ঢাকায় প্রবেশ করছে। আবার একই সময়ে ঢাকা ছেড়েও যাচ্ছে অনেক ট্রেন। প্ল্যাটফর্মজুড়ে ছিল কর্মব্যস্ততা, তবে ঈদের আগের মতো তীব্র চাপ না থাকায় যাত্রীদের মধ্যে স্বস্তিও লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম থেকে ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা যাত্রী সোহানুর রহমান জানান, পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করে আবার কাজে ফিরতে হচ্ছে। তবুও ঈদের আনন্দটা এখনো মনে লেগে আছে, সেই অনুভূতি নিয়েই ঢাকায় ফিরছেন।

আরেক যাত্রী জিনিয়া কবির জানান, কাজের তাগিদেই দ্রুত ঢাকায় ফিরতে হয়েছে, তবে ঈদের আমেজ এখনো কাটেনি। পরিবারের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি নিয়েই আবার ব্যস্ত জীবনে ফিরতে হচ্ছে।

অন্যদিকে, এখনো অনেক যাত্রী কমলাপুর স্টেশন থেকে ট্রেনে করে গ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, যাঁরা ঈদের সময় ছুটি পাননি, তাঁরা এখন ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন। আবার ২৬ মার্চের ছুটিকে ঘিরে টানা কয়েক দিনের অবকাশ পাওয়ায় অনেকে এই সুযোগ কাজে লাগাচ্ছেন।

রাজধানীর প্রধান রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে দ্বিমুখী যাত্রার ব্যস্ততা। ছবি: আজকের পত্রিকা

এমনই এক যাত্রী রতন হালদার বলেন, ‘ঈদের সময় অফিসে দায়িত্ব থাকায় ছুটি পাইনি। তাই এখন ছুটি নিয়ে পরিবারের সঙ্গে গ্রামে সময় কাটাতে যাচ্ছি।’

জামালপুর থেকে ঢাকায় ফেরা এক ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ সুজন জানান, ঈদের কারণে কয়েকদিন দোকান বন্ধ ছিল। তাই ব্যবসার প্রয়োজনেই ঢাকায় ফিরতে হলো। ট্রেন নির্ধারিত সময়েই ছেড়েছে, পথে কোনো ভোগান্তি হয়নি।

ঢাকায় ফেরা যাত্রীদের মধ্যে বেশিরভাগই চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী বা শিক্ষার্থী। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে ফিরছেন। তাদের চোখেমুখে এখনো ঈদের আনন্দের ছাপ স্পষ্ট। ভিড় থাকলেও যাত্রা নির্বিঘ্ন হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিকাংশ যাত্রী।

রাজধানীর প্রধান রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে দেখা গেছে দ্বিমুখী যাত্রার ব্যস্ততা। ছবি: আজকের পত্রিকা

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ঈদযাত্রার মতোই ফিরতি যাত্রায়ও প্রয়োজনীয় সব ব্যবস্থা রাখা হয়েছে। এখনো তেমন চাপ তৈরি হয়নি, কারণ যাত্রীরা ধাপে ধাপে ফিরছেন। তবে সামনে টানা ছুটি থাকায় আজ কিছুটা চাপ বাড়তে পারে।

তিনি আরও বলেন, ‘আগামী শনিবারের দিকে ঢাকামুখী যাত্রীর চাপ বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী আমরা প্রস্তুত রয়েছি।’

সব মিলিয়ে ঈদের পরও রাজধানীর যাত্রাপথে রয়েছে উৎসব-পরবর্তী এক ভিন্নরকম ব্যস্ততা, যেখানে একই সঙ্গে চলছে ফেরা ও যাওয়ার গল্প, আর মানুষের মনজুড়ে রয়ে গেছে ঈদের আনন্দের রেশ।

শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া বিচারকের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড

ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ

হাদি হত্যা মামলা: ফয়সাল, আলমগীরকে দিল্লি নিয়ে গেছে তদন্ত সংস্থা

‎আদাবরে পুলিশের টহল দলের সামনেই চুরির অভিযোগ

মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ডিম নিক্ষেপ

প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা: গ্রেপ্তার আব্দুস সালাম ৪ দিনের রিমান্ডে

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে

জাবি ছাত্রী হত্যা: স্বামী ফাহিম আল হাসান দুদিনের রিমান্ডে

সাভারে সেই সিরিয়াল কিলার সম্রাট ঢামেকে মারা গেছেন

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি প্রধান