লক্ষ্মীপুরে রায়পুরের মিয়ারহাট এলাকায় মাছঘাটের দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাসেল হোসেন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত রাসেল হোসেন এলকে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও দক্ষিণ চরংশী এলাকার মনির হোসেন ভুট্টু ব্যাপারীর ছেলে। আজ বুধবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া।
ওসি শিপন বড়ুয়া বলেন, সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল রাহুল ও ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় শাহজালাল রাহুল ছাড়াও রাকিব হোসেন, সুমন হোসেন ও মিনহাজুল ইসলাম নামে আরও তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আধিপত্য বিস্তার, মাছঘাট দখল ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে মিয়ারহাটের রাহুল মাছঘাটে ইউপি সদস্য নজরুল ইসলামের ভাই বাবুল ব্যাপারীর সঙ্গে আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলের মাছঘাটের ম্যানেজার ফারুক কারির কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ বেধে যায়।
এ সময় এল কে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রাসেল হোসেন ছাড়াও রুহুল আমিন, বাবুল ব্যাপারী, ফারুক কারি, মিনজাহুল ইসলাম, রাকি হোসেনসহ অন্তত ১০ জন আহত হন। সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রাসেল হোসেন। এদিকে এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করে এলাকাবাসী।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মোল্লা জানান, শাহজালাল রাহুল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য নজরুল ইসলামও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। মাছঘাট দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
শাহজালাল রাহুল দাবি করেন, ইউপি সদস্য নজরুল ইসলাম সমর্থকেরা তাঁর লোকেদের ওপর হামলা চালিয়েছে।
নজরুল ইসলাম পাল্টা অভিযোগ করেন, শাহজালাল রাহুলের সমর্থকেরা তাঁর লোকেদের ওপর হামলা চালিয়েছে। এতে তাঁর ভাতিজা রাসেল নিহত হয়।
ওসি শিপন বড়ুয়া বলেন, মাছঘাট দখল ও আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে। এ ঘটনায় শাহজালাল রাহুলসহ চারজনকে আটক করা হয়েছে। নিহত রাসেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।